মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. কামরুল হাসান।
আজ শনিবার (৯ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্নেল মো. কামরুল হাসান এ তথ্য জানান।
মো. কামরুল হাসান বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশে র্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বৃদ্ধি করেছে গোয়েন্দা নজরদারি। এর পাশাপাশি আমাদের প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। যার সার্বিক সমন্বয়ের দায়িত্ব র্যাব সদর দপ্তর পালন করছে।
তিনি বলেন, এ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আমাদের মোটারসাইকেল ও ফুটপেট্রলসহ বিভিন্ন ধরনের টহল থাকবে। আমাদের গোয়েন্দা দল সারা দেশে কাজ করছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অবজারভেশন পোস্ট ও চেক পোস্ট নির্মাণের মাধ্যমে আমরা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা করে যাব। বিশেষ বিশেষ স্থাপনাগুলোতে আমরা সিসি টিভির মনিটরিং-এর ব্যবস্থা করছি।