রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

স্বস্তির জয়েও অস্বস্তির কাঁটা

ব্যাপারটা কেমন ম্যাজিকের মতো। ওয়ানডে আসতেই স্বরূপে বাংলাদেশ। একই দলের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে নাস্তানাবুদ। পরিচিত ফরম্যাট আসতেই কেমন বদলে গেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার সাফল্যের সুর উইন্ডিজে টেনে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে যাওয়া। বৃষ্টিবিঘিœত ম্যাচে উইন্ডিজকে ৪১ ওভারে ১৪৯ রানে বেঁধে ফেলে প্রায় ৮ ওভার হাতে রেখে ৪ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ। জয় ৬ উইকেটের। এটা কি ম্যাজিক? ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে এমন কিছুই নয়। ওয়ানডেতে অভিজ্ঞতার কারণেই জিতেছেন বলে জানান অধিনায়ক।

২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ সিরিজ খেলেছে মোট ৮টি। এর মধ্যে ৬টিতেই জিতেছে তামিম ইকবালের দল। ইংল্যান্ড বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কায় এবং ২০২১-এ নিউজিল্যান্ডে দুই সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হওয়া বাদে আর কোনো সিরিজে হার নেই। ৮ সিরিজের সবকটিই ছিল ৩ ম্যাচের, এই ২৪ ম্যাচে মাত্র ৯টিতে হেরেছে বাংলাদেশ। গত চার সিরিজেই টানা জয় নিয়ে আরও একটি সিরিজ জয়ে তাকিয়ে তামিম ইকবাল। তবে আক্ষেপের বিষয় এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ নয়। নয়ত বাংলাদেশের পয়েন্টও বেড়ে যেত অনেকটা।

তামিমের কাছে এই সাফল্য তাই ম্যাজিক নয়, ধারাবাহিকতার ফল। প্রথম ওয়ানডে শেষে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দাঁড়িয়ে জানালেন, ‘এখানে ম্যাজিকের কিছু নেই। ওয়ানডেতে আমরা খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা চারজন এই ফরম্যাটে অনেক দিন ধরেই খেলছি। এজন্য হয়ত রেজাল্ট আসছে আমাদের পক্ষে। আমি কিন্তু টেস্ট দলেও আছি। সেখানে কেউ চেষ্টার কমতি রাখে না তা আমি জানি।’ উইন্ডিজে টানা ৫ ম্যাচ হারের পর এই জয়ে ড্রেসিংরুমেও স্বস্তি ফিরে এসেছে বলে জানান তামিম, ‘হারাটা কখনই ভালো লাগে না। ম্যাচ জিতলে ড্রেসিংরুমের অবস্থা ভালো থাকে, মনও ভালো থাকে। ওই দিক থেকে হ্যাঁ, খুব ভালো লাগছে। কিন্তু ওয়ানডে আসলেই যে সব বদলে যাবে বা আমি নেতৃত্বে আসা মাত্রই সব বদলে যাবে, ব্যাপারটা এমন নয়। টি-টোয়েন্টি ও টেস্টে যারা ছিল, নেতৃত্বে বা দল হিসেবে তারা সবাই চেষ্টা করেছে। দুর্ভাগ্যবশত হয়নি।’

সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ওভার কমানো হয় ৯টি। টস জিতে কাভারে ঢাকা উইকেটে ফিল্ডিং নিতে দ্বিধা হয়নি তামিমের। সাফল্যও আসে। অভিষিক্ত নাসুম আহমেদ প্রথম ৬ ওভারে দেন মাত্র ৪ রান। কঠিন উইকেটে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে স্বাগতিকদের রান ছিল মাত্র ৫৫। ২১তম ওভারে শরিফুল ব্র্যান্ডন কিং ও সামারাহ ব্রুকসকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন। পরে ৩২তম ওভারেও দুটি উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা স্পেল (৪/৩৪) উপহার দেন শরিফুল। তবে গুরুত্বপূর্ণ সময়ে কাইল মায়ার্স, নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলকে ফিরিয়ে ম্যাচসেরা হন মেহেদী হাসান মিরাজ। শেষ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে অ্যান্ডারসন ফিলিপ (২১*) ও জেডন সিলস (১৬*) উইন্ডিজের রান দেড়শতে নিয়ে যান। ওপরের দিকে ব্রুকস ৩৩, পুরান ১৮ ও শেফার্ড ১৫ রান করেন। জবাবে তামিম, শান্ত ও মাহমুদউল্লাহর ব্যাটে সহজ জয় পায় বাংলাদেশ। তামিম ২৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩, শান্ত ৪৬ বলে ৫ চারে ৩৭ ও মাহমুদউল্লাহ ৬৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন। সোহান ২৭ বলে ১টি করে ছক্কা ও চারে ২০ রানে অফরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com