বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
পবিত্র হজ পালন শেষে এবার হাজিদের দেশে ফেরার পালা। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টায় বিমান বাংলাদেশে এয়ারলাইনের একটি হজ ফ্লাইট হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইনাসের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৫ জুলাই। সৌদি এয়ারলাইন্সেরও ১৫ জুলাই থেকে দেশে পৌঁছাবে হজ ফ্লাইট। রাত ১টা ৪৫ মিনিটে একটি এবং সকাল সাড়ে ৮টায় আরেকটি ফ্লাইটে হজ যাত্রীরা দেশে আসবেন।
এদিকে হাজিদের বিমানবন্দরে কষ্ট লাঘবের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। অতিরিক্ত দু’টি গ্রিন চ্যানেল করা হয়েছে হাজিদের জন্য।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ট্রলি নিয়ে যাতে কোনও সংকট দেখা না দেয়, সে বিষয়টিও বিশেষভাবে তদারকি করা হবে। বিমানবন্দর আর্মড পুলিশ ও ঢাকা উত্তর ট্রাফিকের সঙ্গে সমন্বয় করা হয়েছে যাতে নির্বিঘ্নে হাজিরা বিমানবন্দর থেকে সহজে বের হয়ে বাড়ি ফিরতে পারেন।
বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি। এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।