রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সব খেলোয়াড়ই সুযোগের অপেক্ষায় থাকেন। সেই অপেক্ষা কারও জন্য হয় নিরন্তর, কারও জন্য সংক্ষিপ্ত। সাব্বির রহমানের ক্ষেত্রে ঠিক কী যে হবে… কারণ ২০১৯ তো এখন থেকে তিন বছর আগের কথা। শেষবার ওই বছরই জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন সাব্বির রহমান। অমিত সম্ভাবনাময় এই স্টাইলিস্ট ব্যাটার এরপর যেন হারিয়েই যাচ্ছিলেন। তবে স্রোতের বিপরীত সাঁতারে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন সাব্বির। সেই ধারায় ডাক পেলেন উইন্ডিজগামী ‘এ’ দলে। এরপর জাতীয় দল। সাব্বিরের মনের কোনে লুকিয়ে থাকা স্বপ্ন এখন অনেকটাই স্পষ্ট। তবে কবে ফিরতে চান জাতীয় দলে তা নিজের মনেই রাখলেন সাব্বির।
উইন্ডিজ সফরের জন্য কাল ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। দলে সদ্য জাতীয় দলের বাইরে থাকাদের আধিক্য বেশি। সৌম্য সরকার, সাদমান ইসলাম, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুনদের সঙ্গে তাই জোর লড়াই করতে হবে সাব্বিরকে। যে লড়াইয়ের জন্য সাব্বির শতভাগ প্রস্তুত। এই চ্যালেঞ্জ জিতে সাব্বিরকে তাকাতে হবে ২০২৩ বিশ্বকাপ বা সামনের টেস্ট চ্যাম্পিয়নশিপে। উইন্ডিজে ভালো করলে সেই সম্ভাবনাটা বাড়বে। অবশ্য সাব্বির এখনই কোনো কিছু টার্গেট করছেন না, ‘চ্যালেঞ্জ ছাড়া কেউ আগাতে পারে না। আমারও চ্যালেঞ্জ আছে। আমি সিরিজ ধরে এগোনোর চ্যালেঞ্জ রাখছি। এখন যদি নির্দিষ্ট কিছু বলে (টুর্নামেন্ট) দেই তাহলে চাপে পড়ে যাব। আমার নিজের মধ্যে একটা লক্ষ্য আছে, যদি আল্লাহ সহায় হন সামনে তা পাওয়ার চেষ্টা করব। তাই আমি প্রকাশ করছি না, উইন্ডিজ সিরিজটা যেন ভালো করতে পারি সেই লক্ষ্য আগে এরপর বাকিটা।’
করোনার সময়ে খেলা না থাকায় সাব্বিরের জন্য কাজটা কঠিন হয়ে পড়ে। নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছিলেন না। এরপর গত বিপিএলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। পরে ডিপিএলেও শুরুর দিকে রঙহীন। তবে সুপার লিগে জ্বলে ওঠেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। ৬ ম্যাচের মধ্যে একটি সেঞ্চুরি ও একটি ৯০ রানের ইনিংস ছিল তার। মোট ১৫ ম্যাচে করেছেন ৫১৫ রান। সেই পারফরম্যান্স তাকে ‘এ’ দলে সুযোগ এনে দিয়েছেÑ ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পাওয়াটা আমার জন্য বড় পাওয়া। প্রিমিয়ার লিগে প্রথম ১০ ম্যাচে আমি সুযোগ ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। কিন্তু সুপার লিগটা কাজে লাগিয়েছি। ওই সময়টা আমার জন্য বেশ ভালো কেটেছে। প্রথম কথা আল্লাহ সহায় না থাকলে তো আমি এগোতে পারব না… আর লাকি-আনলাকি বলে একটা কথা আছে, আমি লাকি যে ‘এ’ দলে মানে জাতীয় দলের খুব কাছে চলে আসতে পেরেছি। এখন চেষ্টা থাকবে প্রিমিয়ার লিগটা যেভাবে খেলেছি সেই মতো খেলার।’
জাতীয় দল সাব্বিরের জন্য এখনো দূরের পথ। সামনে এগোতে হলে সৌম্য, নাঈম, মিঠুনদের পেছনে ফেলতে হবে। সাব্বির অবশ্য বাকিদের নিয়ে ভাবছেন না। নিজের খেলাটা অভিজ্ঞতা ও স্ট্রেন্থ দিয়ে উন্নত করে এগিয়ে যেতে চান, ‘আমার দিক থেকে চেষ্টা থাকবে আমার যে শক্তি, ইতিবাচকতা, খেলার ধরন এটা অন্য ক্রিকেটারদের সঙ্গে মিলবে না। আর এখন যেহেতু বয়স হয়েছে একটা দায়িত্বের ব্যাপার আছে। তো চেষ্টা করব নিজের শক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে অনেকটা মেলে ধরতে।’
আগামী ৩১ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম আন-অফিসিয়াল টেস্ট ৪ আগস্ট, পরেরটি ১০ আগস্ট। এক দিনের ম্যাচের সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ আগস্ট। পুরো সিরিজই হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে।
চার দিনের ম্যাচের দল : সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদাত হোসেন দিপু, জাকের আলি অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক।
এক দিনের ম্যাচের দল : সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী।