বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, প্রাথমিক স্তরের পাঠ্যবই এমন ভাবে লিখতে হবে, যাতে করে শিক্ষা শিশু মনে ভীতির নয় প্রীতির ভাব জাগাবে।
তিনি বলেন, পাঠ্যপুস্তক হতে হবে সহজ, সরল ও প্রাঞ্জল, যা শিশুকে আনন্দিত করবে, বইয়ের পাতা উল্টোতে তাগিদ সৃষ্টি করবে।
মঙ্গলবার এনসিটিবি সভাকক্ষে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত ‘পরিমার্জিত প্রাথমিক শিক্ষাক্রম-২১ এর আলোকে প্রণয়নকৃত ১ম শ্রেণির পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার যৌক্তিক মূল্যায়ন সংক্রান্ত ৩দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেন, নতুন শিক্ষানীতির আলোকে সরকার পুরোনো ধারার শিক্ষার খোলনলচে পাল্টে এমন এক শিক্ষার বীজ বপন করছে, যা শিক্ষার্থীর মস্তিষ্ক ও পিঠ থেকে মুখস্থবিদ্যার বোঝা ঝেড়ে ফলে তাদের কৌতূহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, শক্তিকে জাগাবে ও কাজে লাগাবে।
এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান, পরিচালক ড. উত্তম কুমার দাশ, এনসিটিবির সদস্য মো. মশিউজ্জামান ও প্রফেসর একেএম রিয়াজুল হাসান, সচিব নাজমা আখতার প্রমুখ বক্তব্য রাখেন।