রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

আবারও নেতৃত্ব শঙ্কায় মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী চিত্র যেন। যেকোনো টুর্নামেন্টে ব্যর্থতার ছাপ মুছে ফেলার নিয়ম হলো পরিবর্তন। হয় অধিনায়ক নয়ত কোচ, আবার কখনো দুজনকেই চেয়ার ছেড়ে দিতে হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে মাহমুদউল্লাহ এই পরিস্থিতির সম্মুখীন হন। সে সময় বিসিবিকে পাশে পেয়েছিলেন অভিজ্ঞ এ অলরাউন্ডার। এক বছরের মাথায় আরেকটি বিশ্বকাপ বলে হুট করে নেতৃত্বে বদল আনার পক্ষে ছিল না বোর্ড। কিন্তু বছরের অর্ধেক না যেতেই সেই একই পরিস্থিতিতে টি-টোয়েন্টি অধিনায়ক। আবারও উঠছে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন। উঠছে বদলের দাবিও। আর এবার বিসিবিকে পরিষ্কারভাবে পাশে পাচ্ছেন না মাহমুদউল্লাহ। বিসিবিও চাইছে তার সঙ্গে আলোচনা করতে। সেই আলোচনার ফল অধিনায়কের জন্য শুভ না অশুভ তা জানা যাবে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণায়।

আনুষ্ঠানিকভাবে কালই জিম্বাবুয়ে সিরিজের দল দেওয়ার কথা ছিল বিসিবির। কিন্তু নেতৃত্ব নিয়ে ধোঁয়াশায় তা দিতে পারেননি নির্বাচকরা। উইন্ডিজ সিরিজ শেষে কাল সকালে দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ। অনেকটা নিভৃতেই বিমানবন্দর ত্যাগ করেছেন তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে বিসিবির বার্ষিক সভার আগে প্রশ্ন রাখা হয় নাজমুল হাসান পাপনের কাছে। উনি শুরুতে এই মুহূর্তে টি-টোয়েন্টি নেতৃত্বে বদল না আনার কথা জানান। পরে উইন্ডিজ থেকে ফিরলে মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনায় বসার কথা বলেন। কিন্তু বার্ষিক সভার পরদিনই ২৬ জুলাইয়ের আইসিসি সভায় যোগ দিতে দেশ ছেড়েছেন বিসিবি প্রধান। তাই তার সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কের আলোচনার আপাতত নেই। তবুও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসের সঙ্গে মাহমুদউল্লাহর আলোচনায় বসার কথা ছিল কাল। নানা নাটকীয়তার পর জানা যায় রাজধানীর একটি হোটেলে দুজন বসেছিলেন।

আলোচনার পথটা মাহমুদউল্লাহই তৈরি করেছেন। ঠিক একইভাবে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছিল। ব্যাটে রান না থাকায় একরকম চাপে পড়েই সরে দাঁড়ান তিনি। মাহমুদউল্লাহরও একই অবস্থা। টি-টোয়েন্টি অধিনায়ক নিজের ফরম্যাটেই রান পাচ্ছেন না। সঙ্গে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত তার জায়গাকে আরও নড়বড়ে করেছে। সবশেষ উইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে ভালো করার পরও মোসাদ্দেক হোসেন ও সাকিব আল হাসানকে দুই ম্যাচে বোলিংয়ে টানেননি।

এসব কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন নেতৃত্বের দাবি উঠছে। টেস্টের মতো এখানেও উঠে আসছে সাকিব আল হাসানের নাম। তবে জিম্বাবুয়ে সিরিজেই হয়ত সাকিবকে অধিনায়ক হিসেবে দেখা যাচ্ছে না। কারণ এই সিরিজ থেকে ছুটিতে সাকিব। তবে আগস্টে এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নতুন নেতৃত্ব পাবে বলে গুঞ্জন আছে। ব্যাপারটি মাহমুদউল্লাহ মেনে নিলে জিম্বাবুয়ে সিরিজই হতে পারে তার শেষ। আবার এই সিরিজ থেকে বিশ্রাম নিলে উইন্ডিজ সিরিজই তার নেতৃত্বের শেষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com