রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
আবারও এশিয়া কাপ আয়োজনের একটা সম্ভাবনা জেগেছিল। গত মে মাসে শ্রীলঙ্কার রাজনৈতিক-অর্থনৈতিক সংকট শুরু হলে সেই সম্ভাবনা উঁকি মারে। তবে দিন গড়াতে তা ফিকেও হয়ে যায়। তবুও এসিসি থেকে একটা ঘোষণার আশা ছিল। বৃহস্পতিবার সেই আশাও শেষ হলো ভারত ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির ঘোষণায়। এ বছর এশিয়া কাপ অবশেষে সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে।
বৃহস্পতিবারই শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনের অপারগতা জানায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি)। এই এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত অপারগতা জানানোয় পাকিস্তানের আয়োজন স্বত্ব পিছিয়ে যায় ২০২৩-এ। ভারত পাকিস্তানের এই সময়ে খেলতে না চাওয়ায় পাকিস্তানে আসরটি হচ্ছে না। পরে গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এবারের আসর আয়োজনের। তবে সৌরভের কথাতেই পরিষ্কার হয়ে গেল এশিয়া কাপের ভেন্যু। এখনোএসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষনা আসেনি। তবে ভারত আরব আমিরাতে খেলতে রাজি হওয়ায় এসিসির শুধু সূচি ঘোষণা করাই বাকি থাকল।
পরে বাংলাদেশের সম্ভাবনা এলেও তা মুছে যায় বৃষ্টির কারণে। আগস্টের ২৭ তারিখ থেকে শুরু আসর। ওই সময়ে বাংলাদেশে মৌসুমি বৃষ্টি হয়ে থাকে। বৃষ্টির কারণে ম্যাচ পন্ড হলে এসিসির ক্ষতি। তাছাড়া ভারতও চাইছিল না ম্যাচ খেলতে গিয়ে বৃষ্টির বাধায় তা পন্ড হোক। এই সময়ে ভারতে বৃষ্টি হয়ে থাকে। একমাত্র বৃষ্টিহীন আবহাওয়া থাকে আরব আমিরাতে। তাই এই ভেন্যু বাছাই করা হয়। এ ব্যাপারে ভারত ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এশিয়া কাপ আরব আমিরাতে হবে। এটাই একমাত্র জায়গা যেখানে (এই সময়) বৃষ্টি হয় না।’ ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর হওয়ার কথা এশিয়া কাপ। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এবার এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।