রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে নতুনের দিন

বাধা কাটল শেষে, টি-টোয়েন্টি দলে পুরনোর ভিড় শেষ হয়েছে, নতুনের পতাকা উড়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই চার অভিজ্ঞর কেউই। এই প্রথম যেকোনো ফরম্যাটে পা-বদের ছাড়াই হলো বাংলাদেশ দল। সাকিব আল হাসান ছুটি নিয়েছেন। তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসরে। আর আলোচনার ভিত্তিতেই এ সিরিজ থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে দেওয়া হয়েছে বিশ্রাম। তার মানে অভিষেকের পর এই প্রথম বাংলাদেশ দলে নাম নেই চারজনের কারোরই। নুরুল হাসান সোহানের নেতৃত্বে একদম তারুণ্যনির্ভর দল নিয়েই জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ। পা-বদের ছাড়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নতুন দিনের শুরু।

এই শুরুকে সাধুবাদ দিচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। টি-টোয়েন্টি ঘরানার ক্রিকেটে বাংলাদেশের সেরা বিজ্ঞাপনের কাছে বিসিবির এই সিদ্ধান্ত যথোপযুক্ত। বিশ্বকাপ সামনে রেখে নিজেদের চেয়ে কম বা সমশক্তির দলগুলোর সঙ্গেই তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ-মুশফিকদের অবদানও স্মরণ করলেন আফতাব, ‘অবশ্যই এটা সাহসী ও সঠিক সিদ্ধান্ত। আপনি মনে করেন তরুণ ক্রিকেটারদের যদি পরীক্ষা করতেই হয় তাহলে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে তো আর সম্ভব নয়। তো আমাদের এমন দলের বিপক্ষে এই সুযোগটা নিতে হবে যেখানে ঝুঁকি কম। এমন হলে আমরা বড় সিরিজের জন্য ক্রিকেটারদের তৈরি করতে পারব। তাছাড়া আমাদের তো সামনে বিশ্বকাপ নিয়ে ভাবতে হবে। তার জন্য হাতে প্রস্তুত ক্রিকেটারও রাখতে হবে।’

জিম্বাবুয়ে সিরিজে দলে নতুন মুখ বলতে ওপেনার পারভেজ হোসেন ইমন। বিশ্বকাপ জয়ী এ বাঁহাতি এর আগে পাকিস্তানের বিপক্ষে দলে ডাক পেয়েছিলেন। কিন্তু একাদশে ছিলেন না। সঙ্গে পেসার হাসান মাহমুদও সুযোগ পেয়েছেন বিশ্বকাপ চিন্তার কারণেই। এই তরুণদের এক সিরিজ দেখেই যেন ছুড়ে ফেলার পক্ষে নন আফতাব, ‘ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে সহযোগী হওয়া উচিত। আমি যখন খেলেছি আমাদের সময় ফারুক ভাই নির্বাচক ছিলেন। আমার একটা বারের জন্যও মনে হয়নি যে এ ম্যাচে খারাপ করলে পরের ম্যাচে আমি বাদ পড়ব। এখন বোর্ড একটা ক্রিকেটারকে তো গলি থেকে তুলে আনছে না। সে যথেষ্ট পরিপক্ব বলেই জাতীয় দলে আনছে। আর তার সেই পরিপক্বতা শুধু এক সিরিজের জন্য নয়। তাকে অবশ্যই স্বাধীনভাবে খেলার সময় দিতে হবে। সব ফরম্যাট মিলিয়ে অন্তত এক-দেড় বছর সুযোগ দিতে হবে। তাহলে একটা ক্রিকেটারের সেরাটা বের করে আনা সম্ভব।’

সেই পথেই হাঁটছে বাংলাদেশ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এমনিতেই নতুন দল গড়তে হবে বাংলাদেশকে। কাল খালেদ মাহমুদ সুজন সেই ইঙ্গিত দিয়েছেন জিম্বাবুয়েগামী দল নিয়ে। তাদের তৈরি করতেই এই সুযোগ দেওয়া।

টি-টোয়েন্টি দল (১৫ জন) : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন, শেখ মাহাদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।

ওয়ানডে দল (১৬ জন) : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com