মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সিলেট বিভাগের মধ্যে প্রথম বারের মতো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ১৯০ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১৯০ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব স্বাক্ষরিত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেয়া হয়। সিলেট বিভাগে এই প্রথম ছাতক উপজেলায় মুক্তিযোদ্ধাদের হাতে নতুন সনদ ও স্মার্ট আইডি কার্ড দেয়া হয়েছে। আগামীকাল (২৬ জুলাই) উপজেলার মৃত ২৬৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের হাতে তাদের ডিজিটাল সার্টিফিকেট বিতরন করা হবে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক মামুনুর রহমান সবার হাতে সনদ ও কার্ড তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা তৌফিক আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির ও সাবেক মেম্বার আলকাছ আলী। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করে এজন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।