শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
কমনওয়েলথ গেমস। ১৯৯০ সাল থেকেই বাংলাদেশের জন্য সাফল্যপ্রসবা এক আসর। আন্তর্জাতিক পরিমন্ডলে এই গেমস বাংলাদেশকে দিয়েছে অন্যরকম পরিচিতি। সেটা শুধুই শুটারদের কল্যাণে। মর্যাদার এই আসর থেকে পাওয়া আটটি পদকের সবক’টিই এনে দিয়েছেন শুটাররা। ১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসটা বাংলাদেশের জন্য এসেছিল সৌভাগ্যের ডালি সাজিয়ে। অখ্যাত দুই শুটার আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি ১০ মিটার এয়ার পিস্তল দ্বৈত ইভেন্টের ফাইনালে ফেভারিট অস্ট্রেলীয় জুটিকে হারিয়ে রীতিমতো বিখ্যাত বনে যান। কমনওয়েলথ গেমসের ইতিহাসে দেশ পায় প্রথম পদকের দেখা। আতিক-নিনির সোনায় মোড়ানো সাফল্য সাহস দিয়েছিল অনুজদের। এরপর থেকে তাদের পথ অনুসরণ করে শুটাররা বাতিঘর হয়ে আলো দিয়ে ছড়িয়েছেন যুগে যুগে। ব্যতিক্রম কেবল এবার। মর্যাদার তালিকায় বাংলাদেশের নাম ওঠা নিয়ে আছে সংশয়। নিরাপত্তা ভাবনায় এবার শুটিং রাখেননি আয়োজকরা। বাংলাদেশের আরেক সম্ভাবনাময় খেলা আরচারিও জায়গা পায়নি ১৯টি খেলার তালিকায়। নারী ক্রিকেটের স্বপ্ন বাছাইয়েই সমাধি হয়ে গেছে। ১১ দিনের এই আসরে পুরোপুরি নিরাশ হতে বার্মিংহামে ৫০ সদস্যের বাংলাদেশ বহর পাঠায়নি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। খুব জোর গলায় না হলেও ব্যক্তিগত কিছু ইভেন্টে ভালো কিছুর প্রত্যাশা আছে তাদের। শুটিং না থাকার আক্ষেপ ভুলে এই গেমস হতে পারে অন্যদের প্রমাণের মঞ্চ।
আতিক-নিনির প্রায় এক যুগ পর ২০০২ সালে ম্যানচেস্টার গেমসে ভারতের অভিনব বিন্দ্রাকে শুট অফে হারিয়ে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার হাসি হাসেন আসিফ হোসেন খান। এরপর থেকে প্রতিটি আসরেই মিলেছে পদক। ২০০৬ মেলবোর্ন গেমসে আসিফ অঞ্জন কুমার সিংহকে নিয়ে ১০ মিটার এয়ার রাইফেলের দ্বৈত ইভেন্টে জেতেন রৌপ্য। পরের বার অর্থাৎ ২০১০ দিল্লি গেমসেও পদক জিতেছেন আসিফ। আব্দুল্লাহ হেল বাকীর সঙ্গে জুটি বেঁধে নিজের প্রিয় ইভেন্টে জেতেন ব্রোঞ্জপদক। ২০১৪ গ্লাসগো গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের এককে রৌপ্য জেতেন বাকী। আর গতবার বাকী ফের সফল হন ফাইনালে অল্পের জন্য অস্ট্রেলিয়ার শুটারের কাছে হেরে। তার সঙ্গেই সাফল্যের মিছিলে যোগ দেন শাকিলও। সব মিলিয়ে ১৯৯০ থেকে ২০১৮ ১৮ বছরে বাংলাদেশ জিতেছে মোট ৮টি পদক। যার সবক’টিই শুটিং থেকে।
গেলবার গোল্ড কোস্ট গেমসের পদক তালিকায় ৭২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৩০তম। তার সব কৃতিত্বই দুই শুটারের। তো এবার কে নেবেন সেই দায়িত্ব? বাংলাদেশের ক্রীড়াবিদরা এবার অংশ নেবেন সাতটি ডিসিপ্লিনে। দুই মাদার ইভেন্ট অ্যাথলেটিক্স ও সাঁতার ছাড়াও ভারোত্তোলন, জিমন্যাস্টিকস, কুস্তি, বক্সিং ও টেবিল টেনিসে থাকবে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব। এসব খেলায় বৈশ্বিক কোনো আসরে একবারই পদক জিতেছিল বাংলাদেশ। ১৯৮৬ সিউল এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথম অংশ নিয়েছিল। সেবারই দেশকে গর্বিত করেন বক্সার মোশাররফ হোসেন। জিতে নেন ব্রোঞ্জপদক। এশিয়াডে ব্যক্তিগত পদক ওই একটাই। এরপর যা কিছু মিলেছে তা কাবাডি ও ক্রিকেটের সুবাদে। কমনওয়েলথ গেমস পুরোটা জুড়েই শুটারদের সাফল্যের গল্প। তো মাবিয়া আক্তার, প্রবাসী ইমরানুর রহমান, আলী কাদের হক, কিংবা হাই জাম্পার মাহফুজুর রহমান, উম্মে হাফসা কতটা কী করতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে নিজেদের মধ্যেও।
যুক্তরাজ্য প্রবাসী ইমরানুরকে নিয়ে আশা দেখছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্তারা। এছাড়া হাই জাম্পে মাহফুজুর রহমান ও উম্মে হাফসারাও আশা দেখাচ্ছেন। যদিও প্রত্যাশাটা মোটেই পদকের ধারেকাছেও নয়। সাঁতারুদের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই আশা জাগানিয়া নয় বলে এবারও অংশগ্রহণের আনুষ্ঠানিকতাই হবে সাঁতারুদের লক্ষ্য।