বুধবার, ০১ Jul ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
পরমাণু অস্ত্রের প্রসার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এনপিটি সংক্রান্ত দশম সম্মেলনে বক্তারা বর্তমানে পৃথিবীর বুকে পরমাণু অস্ত্র প্রয়োগের আশঙ্কা সম্পর্কে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন। বিশেষ করে রাশিয়া ও ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন ঝুঁকির মাত্রা অনেক বেড়ে গেছে বলে তারা মনে করছেন।
পাঁচ বছর অন্তর ‘এনপিটি রিভিউ’ সম্মেলনে ঐতিহাসিক এই চুক্তির অবস্থা খতিয়ে দেখা হয়। পরমাণু অস্ত্রের প্রসার রোধের পাশাপাশি এই চুক্তির আওতায় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতাও তরান্বিত করা হয়। করোনা মহামারির কারণে ২০২০ সালে নির্ধারিত সময়ে এই সম্মেলন আয়োজন করা সম্ভব হয় নি। বাধ্য হয়ে সম্মেলনের দিনক্ষণ ২০২২ সাল পর্যন্ত পিছিয়ে দিতে হয়েছিল।
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনায় সমস্যা ও ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে এনপিটি রিভিউ সম্মেলন বাড়তি গুরুত্ব পাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, রাশিয়া যেভাবে ‘বেপরোয়া ও বিপজ্জনকভাবে’ পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে চলেছে, তা অন্তন্ত নিন্দনীয়৷ তার মতে, বিশ্বে পরমাণু অস্ত্র সম্বল করে বলপ্রয়োগ, হুমকি ও ব্ল্যাকমেলের কোনো জায়গা থাকতে পারে না। ঐক্যবদ্ধভাবে এমন আচরণের বিরোধিতার ডাক দেন ব্লিংকেন।
ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মিকোলা টচিটস্কি তার দেশে যুদ্ধের সময়ে পরোক্ষভাবে পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকিরকারণে রাশিয়ার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পরমাণু শক্তিধর এক দেশ কীভাবে পরমাণু সন্ত্রাসবাদের আশ্রয় নিচ্ছে, গোটা বিশ্ব সেই বাস্তবের সাক্ষী হচ্ছে। বৈশ্বিক মাত্রায় পরমাণু বিপর্যয় প্রতিরোধ করতে টচিটস্কি সম্মিলিতভাবে জোরালো পদক্ষেপের ডাক দিয়েছেন। রাশিয়ার এমন আচরণের শাস্তিরও দাবি করেন তিনি।