বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিল থেকে ৬ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দলটি জানিয়েছে।
শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল থেকে শাহবাগ থানা বিএনপির ২ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, ঢাকা মহানগর উত্তরের মিছিল থেকে আটক করা হয় ৪ জনকে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম দেশ রূপান্তরকে বলেন, ‘নিত্য প্রয়োজনীয় পণ্যসহ তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দেশের জনগণ এমনিতেই দিশেহারা। এরই মধ্যে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হলো। এর প্রভাব পড়বে সব জায়গাতে। ব্যয় নির্বাহে জনগণের নাভিশ্বাস উঠবে।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মধ্যরাতে জ্বালানি তেলের অস্বাভাবিক ও নজিরবিহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ট থানার ৭১টি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বলা হয়, মিছিল থেকে শাহ আলী থানার ৯৩ নং ওয়ার্ডের ৩নং ইউনিট বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন, পল্লবী থানার ২নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আকিল মাহামুদ, মিরপুর থানার ১৩নং ওয়ার্ডের ১০নং ইউনিটের সভাপতি মো. শাহিন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্যসচিব আমিনুল হক আটককৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।