রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সাগর উত্তাল: মোংলায় বৃষ্টি, জোয়ারের পানি বাড়ছে

ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে মঙ্গলবার (০৯ আগস্ট) ভোর থেকে মোংলাসহ তৎসংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, ভারতের উড়িষ্যা উপকূলে লঘুচাপের সৃষ্টি হওয়ায় মোংলায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে আজ ও কালও বৃষ্টিপাত হবে। দুইদিন পর বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ উড়িষ্যার লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে সতর্ক সংকেতও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই উড়িষ্যার লঘুচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে। আবার লঘুচাপটি দুর্বলও হয়ে যেতে পারে। তারপরও এটি নিম্নচাপে রূপ নিলে তা উড়িষ্যা উপকূল অতিক্রমের সম্ভাবনা রয়েছে। তখন এ এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেও জানান তিনি।

তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যেও মোংলা বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ বলেন, সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি দুই থেকে আড়াই ফুট বেড়েছে। আর সাগরের মাছ ধরার ৫০/৬০ ট্রলার দুবলার মেহেরআলী, ভাঙ্গার খাল ও ভেদাখালী খালে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com