বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ পুনরায় শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টা ২২ মিনিটে বাংলাদেশ থেকে ৫৩ জন কর্মী নিয়ে এয়ার এশিয়ার একটি ফ্লাইট কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান।
বিমানবন্দরে হাইকমিশনের শ্রম উইংয়ের মিনিস্টার নাজমুস সাদাত সেলিমসহ মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও দুই দেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসব কর্মীরা মালয়েশিয়াস্থ জিমাত জায়া নামক একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় কাজ করবেন।
দীর্ঘদিন পর মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়ায় হাইকমিশনার গোলাম সারওয়ার সন্তোষ প্রকাশ করেছেন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার সকল স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
আগামী তিন বছরের মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষাধিক নতুন লোকের কর্মসংস্থান হবে এবং এর মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশের প্রেরিত মোট রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে সোমবার (৮ আগস্ট) রাতে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করে ৫৩ জন কর্মীর প্রথম দলটি।