শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারার পরই সিদ্ধান্ত এসেছিল। টি-টোয়েন্টির উন্নতির জন্য আমূল বদলানো হবে বাংলাদেশ ক্রিকেট। কোন জায়গায় পরিবর্তনটা আসবে তা ঠিক করতে আলোচনাও হবে। তাতে যোগ দেবেন টিম ম্যানেজমেন্ট ও বিসিবি প্রধানসহ দল-সংশ্লিষ্ট ক’জন পরিচালক। সেখানে অবশ্যই নতুন অধিনায়ক সাকিব আল হাসান থাকবেন। ছোট ফরম্যাটে দল বাঁচাতে সেই আলোচনার সারসংক্ষেপ কী তা জানতে অপেক্ষা করতে হবে এক বা দুই দিন। আর ওই পরিবর্তিত ছকে এগিয়েই এশিয়া কাপে খেলবে বাংলাদেশ। যেখানে দেখা যাবে অন্য মানসিকতা ও চিন্তাধারার দলকে।
বাংলাদেশ দলের পরিকল্পনাটা কী হতে পারে তা গত কিছুদিনে উঠে আসছে। এক কথায় পাওয়ার ক্রিকেট। সাকিব সামনে থেকে যে আক্রমণাত্মক মানসিকতার নেতৃত্ব দেবেন। অনুশীলনে সাকিবকে ওই ভূমিকাতে দেখা যাচ্ছে ব্যাট হাতে। টানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বড় শটের কসরতে। তার চেষ্টার রেশ ছড়িয়ে পড়েছে বাকিদের ওপরও। এনামুল হক বিজয়, মুশফিকুর রহিমরাও বড় শটের অনুশীলন করে যাচ্ছেন টানা। মূল কথাটা এখানেই। টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে জয়ের চিন্তা থেকে সরে আসতে চাইছে বাংলাদেশ। নিজেরা বড় রান করে প্রতিপক্ষকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায় থাকছে এই চিন্তা। তাই অল্পবিস্তর আলাপও শুরু হয়েছে আলাদাভাবে। গতকাল বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন জানান ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে ইতিমধ্যেই কিছুটা আলোচনা করেছেন, ‘কদিন আগে জেমি আমার বাসায় এসেছিল। কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই টি-টোয়েন্টির ভাবনাটা পরিবর্তন করতে হবে। এটার কোনো বিকল্প নেই। ১৩০ করে হয়ত একটা ম্যাচ জিততে পারবেন। এটা তো হতে পারে না। আমাদের ১৮০-২০০ করতে হবে। এটা মাথায় রাখতে হবে। নতুন করে কী করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করেছি।’
টি-টোয়েন্টিতে নতুন কিছু বিষয়ে আলাদাভাবে নজর দিচ্ছে বাংলাদেশ। আজ দেশে ফিরে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন কোচ রাসেল ডমিঙ্গো ও অ্যালান ডোনাল্ড। সেখানে ২০২৩ পর্যন্ত একটা পরিকল্পনা করবেন তারা। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ওপেনিং। যেন প্রথম পাওয়ার প্লে-টা কোনোভাবেই নষ্ট না হয়। টি-টোয়েন্টিতে সব সময়ই মিডল অর্ডারের কিছু রানে ভরসা করতে হয় বাংলাদেশকে। এশিয়া কাপে এই রীতি থেকে বেরোতে চাইছে বাংলাদেশ। বরং ওপেনিং ও সাত নম্বরের ব্যাটারদের দিয়ে কীভাবে পাওয়ার হিটিংটা করানো যায় সেই পথ খোঁজা হচ্ছে। এশিয়া কাপে সেই চেষ্টাই করা হবে। তার জন্য নিজেদের ভাবনা পুরোপুরি বদলে ফেলতেও সমস্যা নেই। তাই টি-টোয়েন্টির কিপিংয়ে ফিরিয়ে আনা হচ্ছে মুশফিকুর রহিমকে। ওপেনও করতে পারেন এই ব্যাটার। এশিয়া কাপে চেষ্টার ফলাফলের ওপর বিশ্বকাপ পরিকল্পনা নির্ভর করছে। পাপন জানান, ‘আমরা সম্পূর্ণ টি-টোয়েন্টির ভাবনা বদলে ফেলতে চাই। দেখতে চাচ্ছি নতুন করে শুরু করা যায় কিনা। আমরা নতুন কিছু করতে চাই, সেটা যদি এশিয়া কাপ থেকে না শুরু করি, তাহলে বিশ্বকাপে আরও খারাপ হবে। সে জন্য মানসিকতা থেকে শুরু করে সবকিছুতে একটা নতুন চিন্তা করতে চাই। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে।’
টি-টোয়েন্টিতে উন্নতির জন্যই পাওয়ার হিটিং কোচ খুঁজতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরিবর্তিত ভাবনায় এখন তা থেকে সরে এসেছে বোর্ড। এশিয়া কাপের জন্য নতুন কোচ এনে হুট করেই পরিস্থিতি উন্নতি করা যাবে না। বরং সিডন্সকে দিয়েই চেষ্টা করা হচ্ছে। গত কয়েক দিনের অনুশীলনে সিডন্স ব্যাটারদের সেই দীক্ষাটাই দিচ্ছেন। সিডন্সের একেবারেই যে পাওয়ার হিটিংয়ের অভিজ্ঞতা নেই তা নয়। নিউজিল্যান্ডে ওয়েলিংটন ফায়ারবার্ডসে ও অস্ট্রেলিয়া ওয়েস্ট অ্যান্ড রেডব্যাকসের কোচ ছিলেন তিনি। দুটি টি-টোয়েন্টি দলের অভিজ্ঞতা আপাতত বাংলাদেশের সঙ্গে কাজে লাগাতে চাইছেন সিডন্স। বিসিবিও আপত্তি করেনি, যেহেতু হুট করে কোচ আনলেও দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন না। পাপন জানান, ‘আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তো তখন জেমি বলল ওর নাকি এটাতে বিশেষত্ব আছে। এশিয়া কাপ না, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ। কারণ, ওইটা আরও চ্যালেঞ্জিং। এই এশিয়া কাপে আমরা কিছু জিনিস পরিবর্তন করে দেখতে চাচ্ছি যে সব ঠিক আছে কিনা। সেজন্য বেশি সময় নেই। হঠাৎ করে যে একজন কোচ এনে সব উন্নতি করে ফেলব এটা ভাবা ঠিক হবে না।’