বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
আজ বুধবার থেকে নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘ পুলিশ সামিট অনুষ্ঠান। অনুষ্ঠানটি শেষ হবে ১ সেপ্টেম্বর। ওই অনুষ্ঠানে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ নিউইয়র্কে পৌঁছেছেন। গত শনিবার রাতে আইজিপি ও রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহম্মাদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম নিউইয়র্কে গেছেন বলে জানা গেছে।
এই প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুজ্জামান জানান, আইজিপি ‘ইউনাইটেড ন্যাশনস চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপস)’ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশ ডেলিগেশনের সদস্য হিসেবে নিউইয়র্কে গেছেন তিনি। পুলিশ প্রধানকে জেএফকে বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উষ্ণ অভ্যর্থনা জানান। আইজিপির সফরের খবর পেয়ে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং দলমত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিমানবন্দরে ছুটে যান।
তিনি বলেন, আইজিপি ইউএনকপসে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
জানা গেছে, শর্তের বেড়াজালে মধ্যেই যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পান আইজিপি। তার ভিসা পাওয়া নিয়ে নানা আলোচনা চলছিল দেশ-বিদেশে। আদৌ ভিসা পাবেন নাকি পাবেন না তা নিয়ে সন্দিহান ছিল অনেকেই। স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন, আইজিপি জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দেবেন। গত বৃহস্পতিবার সেই সুখবরটি পেয়েছে পুলিশ সদর দপ্তর। গত বছরের ১০ ডিসেম্বর এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।