সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
গেমিংয়ের জন্য ফেসবুকে থাকা সুনির্দিষ্ট অ্যাপ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। এরই মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবহারকারীদের অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে জানানো শুরু করেছে। খবর এনগ্যাজেট।
অ্যাপে দেয়া এক নোটিফিকেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২৮ অক্টোবর থেকে আইওএস ও অ্যান্ড্রয়েড দুই ভার্সনেই আর অ্যাপটি ব্যবহার করা যাবে না। ব্যবহারকারীদের সার্চ ডাটা ডাউনলোড করে রাখার সুযোগও দিচ্ছে মেটা। এর মাধ্যমে আরেকটি বিষয় নিশ্চিত হয়, ফেসবুক গেমিং চিরতরে বন্ধ হচ্ছে না। বর্তমানে পছন্দের কনটেন্ট নির্মাতাদের ভিডিও দেখার জন্য ব্যবহারকারীদের শুধু ফেসবুকের মূল অ্যাপে থাকা গেমিং ট্যাবে যেতে হবে।
২০২০ সালে প্রতিষ্ঠানটি গেমিংয়ের জন্য সুনির্দিষ্ট অ্যাপটি চালু করে। মূলত ইউটিউব ও টুইচের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়। স্ট্রিমারদের কনটেন্ট সহজে খুঁজে পেতে এবং যোগাযোগের জন্য অ্যাপে গ্রুপ চ্যাট ও অন্যান্য কমিউনিটি ফিচার যুক্ত করেছে। তবে অ্যাপটি কেন বন্ধ করে দেয়া হচ্ছে সে বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা ইতিহাসের অন্যতম ব্যবসায়িক অবনমনের সময় ব্যয় কমাতেই হয়তো এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বছর স্ট্রিমিং টুল পরিষেবা প্রতিষ্ঠান স্ট্রিমএলিমেন্টসের প্রতিবেদন অনুযায়ী, গেম স্ট্রিমিং প্লাটফর্মের ওয়াচিং আওয়ার রেকর্ডের দিক থেকে টুইচের পরেই রয়েছে ফেসবুক। তবে ক্লাউডট্যাঙ্গলের তথ্য ও মেটার অ্যানালিটিকস পরিষেবার তথ্যানুযায়ী, গেমিং প্লাটফর্মটি স্প্যাম ও পাইরেটেড কনটেন্টে পরিপূর্ণ ছিল।