মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে বছরের নির্দিষ্ট কয়েকদিন দেশের জাতীয় এই মাছ ধরা এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়ে থাকে। সে অনুযায়ী এবার আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
২২ দিন নিষিদ্ধ হলো ইলিশ আহরণ ও ক্রয়-বিক্রয়, ফাইল ছবি
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০৮ সালে প্রথমবারের মতো ইলিশ ধরায় নিষেধাজ্ঞার এই কর্মসূচি দেওয়া হয়। ফলাফলও পাওয়া যায় হাতেনাতে। ওই বছর থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়তে থাকে। এ সংক্রান্ত একটি আইন অনুযায়ী, নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ।
আইন অমান্যকারীকে বিচারের মুখোমুখি করে কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া যায়। এছাড়া পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধানও রাখা হয়েছে।