শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

এক গোলে দুই কীর্তি গড়লেন মেসি

লিওনেল মেসি মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির আর্জেন্টাইন জাদুকর। এবার ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা হওয়ার আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাকাবি হাইফার বিপক্ষে খেলতে নেমে আরও দুটি রেকর্ড গড়েছেন সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।

 

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘এইচ’ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাকাবি হাইফার বিপক্ষে পিএসজির জয় ৩-১ ব্যবধানে। প্রতিপক্ষের মাঠে ফরাসি লিগ ওয়ান জায়ান্টদের হয়ে একটি করে গোল করেন মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। ম্যাচের ২৪ মিনিটে জারন চেরির গোলে পিছিয়ে পড়ে অতিথিরা। ৩৭ মিনিটে মেসি লক্ষ্যভেদ করলে ম্যাচে ফেরে পিএসজি।

সতীর্থ এবং ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের বাড়ানো বল হাইফার ডিফেন্ডার বাতুবিনসিকার পায়ে লেগে লেগে মেসির কাছে যায়। বাঁ পায়ের আড়াআড়ি শটে কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠান সাতবারের ব্যালিন ডি’অর জয়ী। এর মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন বার্সেলোনার সাবেক অধিনায়ক। এছাড়া বনে গেছেন চ্যাম্পিয়নস লিগের টানা ১৮ আসরে গোল করা একমাত্র খেলোয়াড়।

এই দুই রেকর্ডে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে পেছনে ফেলেছেন মেসি। ক্লাব সেরাদের আসরে টানা ১৭ আসর গোল করেছেন বেনজেমা। অন্যদিকে এই প্রতিযোগিতায় ৩৮টি ভিন্ন দলের হয়ে গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

হাইফার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের প্রথমার্ধে ৬২তম গোলটি করেন মেসি। এই রেকর্ডেও চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে ফেলেছেন চলমান মৌসুমে ফর্মে ফেরা এই তারকা খেলোয়াড়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com