মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ফেনীর ফুলগাজী উপজেলায় অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে দৌলতপুর গ্রামের দুইটি স্থানে বাঁধ ভেঙে উপজেলার ফুলগাজী সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে।
ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাঠের ফসল, পুকুরের মাছ, ঘরবাড়ি আর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক ফুট পরিমাণ পানি উঠেছে। ফুলগাজী ব্রিজের উত্তর পাশে দারুল উলুম মাদরাসার ওপর দিয়ে ফেনী-পরশুরাম সড়ক পানিতে থইথই করছে।
উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর অংশের দুইটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ওই ইউনিয়নের উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ঘনিয়ামোড়া ও বৈরাগপুর গ্রাম প্লাবিত হয়েছে।
ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর আলীম বলেন, মুহুরী নদীর বেড়িবাঁধের দুইটি স্থানে ভাঙনের ফলে সদর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। মাঠের ফসল, পুকুরের মাছ, ঘরবাড়ি আর এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।
পাউবোর ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, রাতে পানির প্রবাহ বেশি ছিল। সকালে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে। বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা নেবে। পানি একটু কমলেই মেরামতের কাজ শুরু করা হবে।