শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ইতিহাস গড়তে পারবেন তো সাবিনারা

আগে কখনো হয়নি। আটবারের চেষ্টায় প্রতিবারই ব্যর্থ হয়ে ফেরা। তাই বলে এবার হবে না, তা তো নয়। এবার যে অনেক না মেলা সমীকরণ মিলে গেছে। তাই নেপালকে হারানো খুব সম্ভব। আর সেই সম্ভবটা আজ বাস্তবে রূপ দিতে পারলেই ইতিহাসের পাতায় ঠাঁই পাবে বাংলাদেশ। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ দু’দলের সামনেই ইতিহাসে নাম লেখানোর সুযোগ। তারা যে কখনই পায়নি দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। প্রথম ভারতহীন ফাইনালের মঞ্চটা তাই দু’দলই চাইবে নিজেদের করে নিতে। বাংলাদেশের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ। ম্যাচটা তাদের খেলতে হবে স্বাগতিক নেপালের উঠোনে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালার গ্যালারি আজ পরিপূর্ণ থাকবে বাইরে থেকে স্বাগতিকদের সাহস জোগাতে। তবে বড় কথা হলো সাবিনারা ভয় পাচ্ছেন না। শুরু থেকে এখন পর্যন্ত তারা খেলেছেন ভয়ডরহীন ফুটবল। আজো সেই আত্মবিশ্বাস সঙ্গী করে তারা চাইবেন ৯০ মিনিটের হার্ডল জিততে।

দু’দলই তাদের আগের সব ম্যাচ জিতে পা রেখেছে ফাইনালের মঞ্চে। বাংলাদেশকে এক ম্যাচ বেশি খেলতে হয়েছে গ্রুপে এক দল বেশি থাকায়। দু’দলই ফাইনালে আসার পথে হারিয়েছে পরাশক্তি ভারতকে। বাংলাদেশ পাঁচবারের সেরাদের গ্রুপপর্বের শেষ ম্যাচে হারিয়ে সেমিফাইনালে এড়িয়েছিল স্বাগতিক নেপালকে। আর নেপাল সেমিফাইনালে ভারতকে স্তব্ধ করে উঠে আসে শিরোপার ম্যাচে। তারপরও তুলনা করলে মাঠের পারফরম্যান্সে এবার একটু এগিয়ে বাংলাদেশ। সেটা খোদ নেপালের সংবাদমাধ্যমই দাবি করছে। তবে বড় ম্যাচে অভিজ্ঞতা বড় হয়ে ধরা দেয়। এক্ষেত্রে নেপাল এগিয়ে অনেকটাই। আর নিজেদের মাঠ, জল-হাওয়ার সঙ্গে নিজেদের বুনো দর্শক তো আছেই। সব মিলিয়ে মাঠের ৯০ মিনিট জিততে হলে বাংলাদেশকে আজ লড়তে হবে প্রতিপক্ষের সমর্থকদের চাপও।

এমন ম্যাচে শক্তির পার্থক্য কখনই বড় হয়ে ওঠে না। এমন ম্যাচে দু’দলই খেলে নিজেদের উজাড় করে। নিবেদনটাই বড় হয়ে দাঁড়ায়। আর এখানটায় বাংলাদেশ শিবিরে চোখ রাখলে আশাবাদী হতেই হয়। তাদের মধ্যে ভয়ভীতির ছিটেফোঁটাও নেই। দীর্ঘ সময় একসঙ্গে খেলে চাপ নেওয়ার ক্ষমতাটা তাদের বেড়েছে অনেকটাই। আর ওই যে অনেক বেহিসাবি হিসাব মিলে যাওয়া তো আছেই। দলের কোচ গোলাম রাব্বানী ছোট গেল দু’দিন কাজ করেছেন মেয়েদের মানসিকভাবে বেশি প্রস্তুত করতে। কারণ তিনি জানেন, এমন ম্যাচে মেয়েরা তাদের সামর্থ্যরে সেরাটাই নিংড়ে দেবে ‘মেয়েরা মানসিক ও শারীরিক দিক থেকে পুরোপুরি ফিট ফাইনালের জন্য। আশা করছি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। কারণ নেপাল সবদিক থেকেই খুবই শক্তিশালী দল। তবে মনে রাখতে হবে শেষ চার ম্যাচে আমাদের মেয়েরা অসাধারণ খেলেছে।’ স্বাগতিকদের বিপক্ষে খেলাটা সহজ নয়, এটা জানেন ছোটন। তাই মানসিক প্রস্তুতিটাকেই বড় করে দেখছেন তিনি, ‘স্বাগতিকদের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। মেয়েরা প্রতিজ্ঞাবদ্ধ মানসিকভাবে। তারা লড়তে প্রস্তুত। ফাইনালে আশা করছি ১৫ হাজার দর্শক হবে। এত দর্শকের বিপক্ষে খেলাটা কঠিন। এখানে হয়তো নেপাল কিছুটা সুবিধা পাবে। তবে ২০১৮ সালে ভুটানে নেপালের বিপক্ষে এরকম দর্শকের সামনে ফাইনালে কিন্তু আমাদের বয়সভিত্তিক দল জিতেছিল। পরের বছর মিয়ানমারে এএফসি অলিম্পিক কোয়ালিফিকেশন দ্বিতীয় রাউন্ডে খেলেছে বিরুদ্ধ স্রোতে। তাই আমরা প্রস্তুত। কারণ আমরা জানি আমাদের পেছনে আছে ১৮ কোটি মানুষ। তারা উপভোগ্য ম্যাচ দেখবে।’ আগে কখনই নেপালকে হারানো হয়নি বলে এবার হারানো যাবে না, এমনটা মানছেন না ছোটন ‘বিগত দিনে কী হয়েছে, না হয়েছে ভাবছি না। ভারতের সঙ্গে কখনো জিতিনি। এবার তো ঠিকই ওদের হারিয়েছি। মেয়েরা তাদের ধারাবাহিকতা বজায় রাখলে ইতিহাস সৃষ্টি হবে।’

বাংলাদেশের আক্রমণভাগের মূল অস্ত্র অধিনায়ক সাবিনা খাতুন। দুটি হ্যাটট্রিকসহ আট গোল করে তিনিই আসরে গোলের দিক থেকে সবচেয়ে এগিয়ে। এই আসরটা তাই নিজের করে নিতে মুখিয়ে তিনি, ‘আমরা যেভাবে খেলে আসছি ম্যাচ বাই ম্যাচ, সেভাবে খেলেই চেষ্টা করব শিরোপা জেতার। কোচ আমাদের যে বার্তা দেবে সেটাই মাঠে পালন করতে চাইব। আমি সতীর্থদের একটা কথাই বলেছি, ফাইনাল জিততে পারলে যেকোনো কিছুই হতে পারে। আর আমি সবসময়ই চেষ্টা করি দলের জন্য নিজের সেরাটা দিতে। এই আসরে আমি এখন পর্যন্ত পেরেছি। কাল (আজ) চেষ্টা থাকবে ক্যারিয়ারের সেরা ম্যাচটা খেলার।’

নেপাল কোচ কুমার থাপা পড়ে পাওয়া সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না। তার সাফ কথা, ‘নতুন একটি ইতিহাসের সামনে আমরা দাঁড়িয়ে। আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমরা স্বাগতিক, কাপ এখানেই আছে। এখানেই রেখে দিতে চাই। আমরা সর্বশক্তি দিয়ে ট্রফি রাখতে চেষ্টা করব।’

গত জুনে মালয়েশিয়াকে নাস্তানাবুদের মধ্য দিয়েই সাবিনাদের ওপর একটা আস্থা জন্মেছিল। আজ সেই আস্থার প্রতিদান দিতে পারলেই হবে ইতিহাস। ২০০৩ সালে ছেলেরা যে গর্বের শিরোপা এনে দিয়েছিল, আজ হতে পারে লাল-সবুজের মেয়েদের গর্বের শিরোপ উঁচিয়ে ধরার দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com