মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকা ডুবির ঘটনায় মোট ২৮ জনের মরদেহ উদ্ধার করা হল। এখনো নিখোঁজ ৬০ জনের বেশি। সোমবার ভোর ৫টা থেকে শুরু হয় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান। এ সময় শালডাঙ্গা, দেবিগঞ্জে অভিযান চালিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
রোববার শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমনের ক্ষণ গণনা শুরু হয়। সেই দেবীপক্ষের সূচনায় পঞ্চগড়ের বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে বসে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব। দেবী আবাহনের সেই উৎসবেই প্রতি বছরের মতো যাচ্ছিলেন শত শত পুণ্যার্থী।
কিন্তু করতোয়া নদী পাড়ির সময় সেই উৎসবের রং মুহূর্তেই রূপ নেয় শোকে। এদিকে, স্বজনদের জন্য নদী পাড়ে ভীড় করেছেন নিখোঁজদের স্বজনেরা। একজন নিখোঁজ থাকা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে- ফায়ার সার্ভিস। এদিকে, চলছে মরদেহ শনাক্তের প্রক্রিয়া।
হিমালয়ের পাদদেশ থেকে আসা করতোয়া নদী উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এমনিতে খুব খরস্রোতা নয়; গভীরতাও খুব বেশি নয়। কিন্তু গত দুদিনের টানা বর্ষণের পর উজানের ঢলে নদীতে পানি বেড়েছে অনেকটাই।
আর ধারণ ক্ষমতার অনেক বেশি তীর্থযাত্রী উঠে যায় নৌকায়। মাঝ নদীতে নৌকা ডুবির কারণে হতাহতের ঘটনা তাই এত বেশি বলে মনে করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম।
এদিকে এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।