মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধের পাশেই বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিসের গুদাম। রোববার রাতেও অন্যান্য দিনের মতো লরিতে পণ্য ওঠা-নামায় ব্যস্ত ছিলেন শ্রমিকেরা। রাত সাড়ে ১১টার দিকে একটি লরিতে কেমিক্যালের ড্রাম তোলার সময় হঠাৎ ঘটে বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।
বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন ইলিয়াস হোসেন নামে এক শ্রমিক। আহত হন আশিক, হালিম ও রাসেল নামে আরও তিন শ্রমিক। তাদের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে। বিস্ফোরণের ঘটনায় ভেঙে গেছে গুদামের ইটের দেয়াল, উড়ে গেছে টিনের চালের একাংশ।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বিস্ফোরণে লাগা আগুন নিয়ন্ত্রণ করেছে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট।আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
পুলিশ বলছে, কেমিক্যাল বহনে বিস্ফোরণের ঘটনায় কারও গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে নেয়া হবে ব্যবস্থা।
ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লাহ আল মাসুম জানান, হাজারীবাগের বউবাজার এলাকায় মালামাল লোড-আনলোডের সময় কুরিয়ার সার্ভিসের অফিসে কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ড্রামটিতে কী কেমিক্যাল ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের পর কুরিয়ার সার্ভিসটির শ্রমিক ছাড়া দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকেও পাওয়া যায়নি ঘটনাস্থলে।