শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

খোয়া যাওয়া অর্থের দ্বিগুণ পেলেন কৃষ্ণা-সানজিদা-শামসুন্নাহার

সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা নারী ফুটবলারদের নিয়ে উৎসবের মাঝে একটি বিব্রতকর ঘটনা তৈরি করেছিল অস্বস্তি। লাগেজ থেকে সানজিদা-কৃষ্ণা- শামসুন্নাহারের টাকা খোয়া যাওয়ার ঘটনা ঘটেছিল। আজ প্রতিশ্রুতি অনুযায়ী খোয়া যাওয়া অর্থের দ্বিগুণ ক্ষতিপূরণ ফেডারেশনের কাছ থেকে বুঝে পেয়েছেন তারা। শামসুন্নাহার-কৃষ্ণা হারানো টাকার দ্বিগুণ ফেরত পেয়েছেন। আর সানজিদা পেলেন শখের আইফোন।

৪০০ ডলার খোয়ানো শামসুন্নাহার সিনিয়র পেয়েছেন ১ লাখ টাকা। কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে খোয়া গিয়েছিল ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা, যার মধ্যে ৪০০ ডলার ছিল সানজিদা খাতুনের। কৃষ্ণা পেয়েছেন দেড় লাখ টাকা এবং আইফোন কেনার জন্য জমানো ৪০০ ডলারের বদলে সানজিদাকে আইফোন থার্টিন প্রো-ম্যাক্স কিনে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উইমেন উইংসের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

এদিকে ক্ষতিপূরণ বুঝে পেয়ে ভীষণ খুশি ফুটবলাররা। সানজিদা জানান তার স্বপ্ন পূরণ হয়েছে, ‘আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে। আমার স্বপ্ন ছিল আমার যে প্রাইজমানি সেটার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে আইফোন কিনব, এখন সেটা পেয়ে গেছি।’

টাকা পেয়ে মায়ের জন্য মালা কিনতে যাওয়ার কথা জানান কৃষ্ণা, ‘টাকাটা ফিরে পেয়ে খুশি। আমি আজকেই দোকানে যাব এবং মায়ের জন্য যে মালাটা দেখেছিলাম, সেটা কিনব।’

শামসুন্নাহার জানান, হারিয়ে যাওয়া অর্থের থেকে অনেক বেশি পাওয়ায় তারা ভীষণ আনন্দিত, ‘আমরা যতটুকু হারিয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি। আমরা আসলেই খুশি।’

নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফের প্রথম শিরোপা জিতে গত বুধবার দেশে ফিরে মেয়েরা। ফেরার পথেই বিশ্রী এক অভিজ্ঞতা হয় দলের। কয়েকজন খেলোয়াড়ের লাগেজের তালা ভেঙে অর্থ ও জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ ওঠে।

এরপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উইমেন উইংসের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, খোয়া যাওয়া জিনিস পাওয়া না গেলে ক্ষতিপূরণ দেবেন তারা।

শেষ পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন তারা। কিরণ তার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্ষতিপূরণ দিয়েছেন।

এদিকে পেশাদার লিগ কমিটির সভাপতি হিসেবে আলোচিত সুপার কাপ শুরুর ঘোষণা কাজী সালাউদ্দিনের। স্পন্সর প্রতিষ্ঠানের সাথে আলোচনা শেষে দ্রুত জানাবেন আনুষ্ঠানিক ঘোষণা। আর, পুরো বছরের ক্যালেন্ডার করেই শুরু নতুন মৌসুম, জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান।

আগামি কয়েক দিনের মধ্যেই বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে আসবে খেলোয়াড় রেজিস্ট্রেশন ও পেশাদার লিগ শুরুর চূড়ান্ত দিনক্ষণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com