মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পুলিশ প্রধানের দায়িত্ব বুঝে নেন তিনি।
পুলিশ সদরদপ্তর জানায়, বিকাল সাড়ে তিনটায় তিনি বিদায়ী পুলিশপ্রধানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে র্যাব ডিজির পদ থেকে বিদায় নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আইজিপির দায়িত্ব নেওয়ার পরপরই আল-মামুন ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গেলো ২২ সেপ্টেম্বর অবসরে যান সাবেক আইজিপি বেনজীর আহমেদ। একইদিন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ প্রধানের দায়িত্ব দেয় সরকার। আর নতুন র্যাব প্রধানের দায়িত্ব পান অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তিনিও শুক্রবার বিকেলে দায়িত্ব বুঝে নিয়েছেন।
নতুন পুলিশপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২০ সালের ৮ এপ্রিল র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল-মামুন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে। ১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন।
২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। পুলিশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একবার ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন। এছাড়া গতবছরের ১৮ অক্টোবর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয় সরকার।
কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদরদপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন।