মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জন নিয়ে শঙ্কিত বাংলাদেশ। এ অবস্থায় জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোকে দ্রুত কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দর-কষাকষি ও বাস্তবায়ন শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ’এসডিজিতে বাংলাদেশের যাত্রা: আলোচনা থেকে বাস্তবায়ন’- শীর্ষক এই সেমিনার যৌথভাবে আয়োজন করে ফরেন সার্ভিস একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, উন্নয়নশীল দেশগুলো ৩ দশমিক ৫ থেকে ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রুতির বিপরীতে সহযোগিতা পেয়েছে মাত্র ১৫৬ বিলিয়ন ডলার। চলমান অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক সংকট চলতে থাকলে বাংলাদেশের জন্যও এসডিজি বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে। তাই লক্ষ্যমাত্রা অর্জনে দ্রুত অর্থায়নের ওপর জোর দিচ্ছি। এ জন্যই জাতিসংঘকে বলেছি, এ বিষয়ে জরুরি সভার আয়োজন করতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত এই সেমিনারে পররারষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসডিজি অর্জনে সবচেয়ে বড় সংকট অর্থায়ন ও প্রযুক্তি বিনিময়। এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য দাতারা যে অর্থ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিল তার মাত্র ৩ শতাংশ পেয়েছে উন্নয়নশীল দেশগুলো।
করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থায়নের ঘাটতি আরও প্রসারিত করেছে বলে মন্তব্য করেছেন ড. এ কে আব্দুল মোমেন।
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাবির প্রোভিসি এএসএম মাকসুদ কামাল, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহম্মদ রুহুল আমিন, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলন সিয়াম প্রমুখ।