মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
হিজাববিরোধী বিক্ষোভে পুলিশের নির্যাতনের জেরে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় আছে দেশটির নৈতিকতা-বিষয়ক পুলিশসহ ১১ কর্মকর্তা ও চার সংস্থা। সোমবার লুক্সেমবার্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ঘোষণা আসে।
রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগে তেহরানের ওপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করেছে ইইউ।
নিষেধাজ্ঞার পরিধি ঠিক করতে ইরানি কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়। সোমবার লুক্সেমবার্গে এ নিয়ে আলোচনায় বসেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। ভ্রমণ নিষিদ্ধসহ ইউরোপে থাকা নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি কর্মর্কতাদের ওপর সম্পদ জব্দের ঘোষণা আসে।
এদিকে তেহরানের এভিন কারাগারে বন্দিদের প্রাণহানির ঘটনায় ইরানকে দায়ী করে রোববার টুইট করেন ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র নাসের কানানি।
নাসের কানানি বলেন, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইইউ’র এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। এর বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ইরান। আর এটা ইউরোপের সব দেশের জন্যই প্রযোজ্য। একই সাথে দেশ-বিদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও ইরানের।
এভিন কারাগারে সহিংসতা ও আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।