মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হওয়ায়, এ বছর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১০ জনে। আর একদিনে আক্রান্ত ৮৯৬ জন। চিকিৎসকেরা বলছেন, রোগীরা দেরিতে হাসপাতালে আসায় এবং পরামর্শ ছাড়া স্যালাইন নেয়ায় বাড়ছে জটিলতা। হালকা জ্বর হলেও ডেঙ্গু পরীক্ষার পরামর্শ তাদের।
অক্টোবরের ২০ দিনেই ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ১২ হাজার। মারা গেছেন ৫৫ জন। যা মোট মৃত্যুর অর্ধেক।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩৭ জন। আর ঢাকার বাইরে ৩৫৯ জন। এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৯৮। এর মধ্যে ঢাকায় মোট রোগী ভর্তি হয়েছেন ২০ হাজার ৬০০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৮ জন।
রাজধানীর হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীর প্রায় অর্ধেকই ডেঙ্গু আক্রান্ত। ঢাকার আশপাশ থেকেও অনেক রোগী আসছেন রাজধানীর হাসপাতালে চিকিৎসা নিতে।
চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ রোগীই চিকিৎসকের পরামর্শ ছাড়া বাসায় স্যালাইন নিয়ে ঝুঁকিতে ফেলছে জীবন। অবস্থা সংকটাপন্ন হলে আসছেন হাসপাতালে। ফলে বেশিরভাগ রোগী পাওয়া যাচ্ছে শক সিন্ড্রোমের।
ডেঙ্গুর উপসর্গের পরিবর্তনের কারণে হালকা জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার কথা বলছেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া স্যালাইন না নেয়ার আহ্বান তাদের।