মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথে গাছ পড়ে যাওয়ার প্রায় সাড়ে ৩ ঘন্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একটি বড় গাছ রেললাইনে পড়ে গেলে সিলেটগামী দুটি আন্তনগর ট্রেন আটকা পড়ে। পরে বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা পড়ে থাকা গাছ ও ডালপালা কেটে সরালে রাত সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় খবর আসে লাউয়াছড়ার ভেতরে রেললাইনের ওপর গাছ পড়েছে। পরে বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। রেললাইনে গাছ পড়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি সাতগাও রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। রেললাইন থেকে গাছ সরানোর পর রাত সাড়ে ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’
গাছ পড়ার বিষয়ে বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা খবর পেয়ে রেললাইনে পড়া গাছ ও ডালপালা কেটে সরাতে কাজ করি। লাউয়াছড়ায় অনেক গাছ পুরোনো হয়েছে। মাটি সরে গিয়ে সেগুলো পড়ে যায়। তবে আজকের (মঙ্গলবার) ঘটনা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে হতে পারে।’