মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘আমি, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে, গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
তিনি বলেন ‘এই শীর্ষ নেতৃত্বের অবস্থানে গুরুত্বপূর্ণ এবং গতিশীল দক্ষিণ এশীয় ঐতিহ্যের একজন তরুণ ব্রিটনকে দেখে আমি আনন্দিত।’
তিনি আরো বলেন, ‘আমি কামনা করি ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে।’
শেখ হাসিনা আরো বলেন, ‘সবকিছুর ওপরে যুক্তরাজ্যে বাংলাদেশ-ব্রিটিশ প্রবাসীরা দুই দেশের উন্নয়নে আরো প্রাণবন্ত হয়ে সাধারণ সম্পদ হিসেবে কাজ করে।’
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘এ বছর, আমরা দু’টি কমনওয়েলথভূক্ত দেশের মধ্যে আমাদের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছি। আমি আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরো শক্তিশালী করার জন্য আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’