মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশে বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় চীন। এ লক্ষে চীন কাজ করে যাচ্ছে।
বুধবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন আয়োজিত ডিক্যাব টকে যোগ দিয়ে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত।
তিনি বলেন, চীন ও বাংলাদেশ একে অন্যের ভালো প্রতিবেশী। দুই দেশই একে অপরের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। বাংলাদেশ ও চীন সব সময় নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাসংক্রান্ত মৌলিক স্বার্থের বিষয়ে একে অপরকে বুঝেছে এবং সমর্থন করেছে।
তাইওয়ান প্রশ্নে লি জিমিং বলেন, আশাকরি বাংলাদেশের সরকার ও জনগণ অব্যাহতভাবে ‘এক চীন মতাদর্শ’ মেনে চলবে। চীনের আইন সম্মত ও ন্যায্য অবস্থান বাংলাদেশ বুঝবে ও সমর্থন করবে।
রোহিঙ্গাদের ফেরাতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। একই সঙ্গে সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান লি জিমিং।
ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্যে রাখেন।