সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রধানমন্ত্রী হওয়ায় তাকে এ দায়মুক্তি দেয়া হয়েছে।
এর ফলে ওয়াশিংটনের এক আদালতে খাশোগির হত্যা মামলায় অভিযুক্তদের তালিকা থেকে সৌদি যুবরাজের নাম কেটে দেয়া হবে।
আদালতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোহাম্মদ বিন সালমান যেহেতু এখন সৌদি আরবের প্রধানমন্ত্রী, তাই তিনি এ মামলা থেকে রেহাই পেতে পারেন।
মার্কিন বিচার বিভাগের আইনজীবীরা বলছেন, একটি বিদেশি সরকারের বর্তমান প্রধান হিসেবে সৌদি যুবরাজ মার্কিন আদালতের বিচারের আওতা থেকে রেহাই পাবেন। রাষ্ট্রপ্রধানের দায়মুক্তির রীতি প্রথাগত আন্তর্জাতিক আইনে সুপ্রতিষ্ঠিত।
আন্তর্জাতিক আইনের অধীনে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বলে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, ‘প্রথাগত আন্তর্জাতিক আইনের দীর্ঘস্থায়ী নীতি অনুযায়ীই পররাষ্ট্র মন্ত্রণালয় আইনি এ সিদ্ধান্ত নিয়েছে। মামলার অভিযোগের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’
২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করা হয়। পরে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে বলা হয় এ হত্যাকাণ্ডে মোহাম্মদ বিন সালমানের নির্দেশ ছিল।