সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
দূষণমুক্ত নদীর দাবিতে আগামীকাল শুক্রবার থেকে দুইদিনের বালু নদী উৎসব শুরু হচ্ছে। রাজধানীর খিলগাঁও-এর ত্রিমোহনী এলাকার ইটাখোলায় মূল অনুষ্ঠান ও বালু নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। দুইদিনের উৎসবে স্থানীয় জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য ও নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম প্রধান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন বারোগ্রাম বালু নদী মোর্চার সদস্য সচিব মো. আমজাদ হোসাইন। বক্তৃতা করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, বারোগ্রাম বালু নদী মোর্চার আহ্বায়ক সুরুজ মিয়া, ভয়েস অব দ্যা ওল্ড ব্রম্মপুত্র ইবনুল সাইদ রানা, ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক মো. কামরুজ্জামান প্রমূখ।
বালু নদী উৎসব সফল করার আহ্বান জানিয়ে শরীফ জামিল বলেন, ‘ঢাকার চারপাশের নদীগুলো ক্রমশঃ শীর্ণ (ছোট) হয়ে আসছে। নদীগুলোর পানি কালো থেকে আরো কালো হচ্ছে। বিশেষ করে মহানগরীর পূর্বাঞ্চলের উপকন্ঠে প্রায় ত্রিশ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত বারোগ্রাম বর্তমানে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। খিলগাঁও, ডেমরা ও সবুজবাগ থানার ৩৬টি গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত নড়াই, দেবধোলাই ও বালু নদীর পানি এখন প্রচন্ডভাবে দূষিত। পচা পানির দুর্গন্ধে পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এই ভয়াবহ দূষণ ও দখলের হাত থেকে নদীকে রক্ষায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। ’