মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
স্বপ্নপূরণের পথে দুই ধাপ বাকি, আর্জেন্টিনার বাধা এবার ক্রোয়েশিয়া। সেমি ফাইনালেও মেসির দিকে তাকিয়ে আর্জেন্টাইনরা। চাপ সামলে পারফর্ম করার শক্তি, স্কালোনিকে ভরসা দিচ্ছে।
অন্যদিকে মেসিকে ফোকাসে রেখে পুরো আর্জেন্টিনা দলকে আটকানোর পরিকল্পনা সাজিয়েছেন দালিচ। লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমি ফাইনাল মঙ্গলবার রাত ১টায়।
ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার লক্ষ্যে নামবে ক্রোয়েশিয়া। টানা ১১ ম্যাচ অপরাজিত ক্রোয়াটদের রুখে দেওয়া সহজ হবে না আর্জেন্টাইনদের জন্য। দালিচের দলের ডিফেন্স আসরের অন্যতম সেরা। কাতার বিশ্বকাপে পাঁচ ম্যাচের তিনটিতেই নির্ধারিত সময়ে কোনো গোল হজম করেনি ক্রোয়েশিয়া।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ক্রোয়েশিয়া অসাধারণ দল। ওদের দলীয় খেলা দুর্দান্ত। আমাদের জন্য খুব কঠিন লড়াই অপেক্ষা করছে। আর্জেন্টিনা হার দিয়ে আসর শুরু করেছে। তবে কিভাবে জিততে হয়, আমরা তাও জানি। নিজেদের সামর্থ্যের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে।
ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচের ভাষ্যে, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দারুণ এক দল। আমরা ওদের খেলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি। আমরা জানি, ওরা কোন গেম প্ল্যানে খেলে। ক্রোয়াটরা সহজাতভাবেই ইতিবাচক। ছেলেরা দৃঢ়তা দেখাবে। প্রতিপক্ষ নিয়ে দুশ্চিন্তা না করে আমরা নিজেদের খেলাটা খেলব।
অন্যদিকে ক্রোয়েশিয়ার দুশ্চিন্তা ছিল বর্না সোসা ও মিসলাভ ওরসিচকে নিয়ে। যদিও সুস্থ হয়ে উঠেছেন দুইজনই। কোয়ার্টার ফাইনালে বদলি নেমে ব্রাজিলের বিপক্ষে গোল করেন পেতকোভিচ। তবে শুরুর একাদশে ক্রামারিচকেই খেলাবেন দালিচ।
বিশ্বকাপে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া দুইবার মুখোমুখিতে ১-১ সমতা। এবার এগিয়ে যাবার পালা, মঞ্চটা ফাইনালে ওঠার।