সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আনতে কমিশনের কোনো উদ্যোগ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই সব দলের প্রতি আহ্বান জানিয়ে আসছি যেন সবাই নির্বাচনে আসে।
তিনি বলেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করি। সব দলের প্রতি আমাদের সমান আহ্বান আছে—আপনারা আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। আমরা কাউকে বাধ্য করতে পারছি না, কারণ সেটা আমাদের ম্যানডেটের মধ্যে নেই। আমরা খুশি হবো, বিএনপিও যদি নির্বাচনে অংশগ্রহণ করে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে গণতান্ত্রিক চর্চা হবে না। ভোট নির্দেশ করে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অর্থবহ প্রতিদ্বন্দ্বিতা যদি না হয়, তাহলে গণতন্ত্রের বিকাশের প্রয়োজন আছে, উন্নত পর্যায়ে উঠতে পারে সেটা ব্যাহত হবে। আমরা প্রত্যাশা করি, প্রতিটি দল নির্বাচনে এসে সক্রিয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করে।