সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ মামলার আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান অভিযোগ গঠনের শুনানির নতুন এ তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।
২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।