রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তিমত্তায় সবচেয়ে এগিয়ে রয়েছে জাপান। আর বাংলাদেশের অবস্থান ১০১তম অবস্থানে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের সম্প্রতি প্রকাশিত সূচক এ কথাই বলছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, জাপানের নাগরিকেরা ভিসামুক্ত বা ভিসা-অন-ডিমান্ড সুবিধা পান ১৯৩টি দেশে। তালিকায় পরের অবস্থানেই আছে এশিয়ার আরও দুটি দেশ সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির নাগরিকেরা একই ধরনের সুবিধা পান ১৯২টি দেশে।
এ তালিকায় বেশ নিচের দিকে রয়েছে বাংলাদেশ। মোট ১০৯টি অবস্থানের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১তম। সূচকে দেওয়া তথ্যমতে, বাংলাদেশের নাগরিকেরা বিশ্বের ৪১টি দেশে ভিসামুক্ত বা ভিসা-অন-ডিমান্ড সুবিধা পান। বাংলাদেশের সাথে ১০১তম অবস্থানে রয়েছে আরও দুটি দেশ; কসোভো ও লিবিয়া।
তালিকায় ভারতের অবস্থান ৮৫তম। দেশটির নাগরিকেরা ভ্রমণে বিশেষ এই সুবিধা পান ৫৯টি দেশে। সমসংখ্যক দেশে প্রবেশাধিকার পেয়ে ভারতের সাথে একই অবস্থানে আছে মৌরিতানিয়া ও উজবেকিস্তান। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান রয়েছে তালিকার তলানিতে ১০৯তম অবস্থানে। পাকিস্তানের অবস্থান ১০৬। আর নেপাল রয়েছে ১০৩তম অবস্থানে। আর শ্রীলঙ্কা ও মিয়ানমারের অবস্থান যথাক্রমে ১০০ ও ৯৬। এ তালিকায় চীন রয়েছে ৬৬তম অবস্থানে।
সিএনএন জানায়, করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভ্রমণ অনেকটাই কমে গিয়েছিল। বর্তমানে করোনা-পূর্ব অবস্থার মাত্র ৭৫ শতাংশ অর্জন করা গেছে।
হেনলি পাসপোর্ট সূচকের ২০২৩ সালের তালিকায় এশিয়ার তিন দেশের পর আছে ইউরোপের কয়েকটি দেশ। তৃতীয় আবস্থানে রয়েছে যৌথভাবে জার্মানি ও স্পেন। উভয় দেশের নাগরিকেরাই ১৯০টি দেশে প্রবেশে বিশেষ সুবিধা পান। এর পরের অবস্থানে আছে ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গ। পঞ্চম অবস্থানে আছে অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন। ষষ্ঠ অবস্থানে আছে ফ্রান্স, আয়রল্যান্ড, পর্তুগাল ও যুক্তরাজ্য। আর বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র ও নিউজিল্যান্ডকে সাথে নিয়ে তালিকার সপ্তম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।