রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ঢাকা নগর পরিবহন নিয়ে রয়েছে যাত্রীদের নানা অভিযোগ। যাত্রী ছাউনীর সুযোগ-সুবিধা, বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষার অভিযোগ তাদের। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ বলছে, পাইলট প্রকল্পের ত্রুটিগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান ৩ রুটে অন্য পরিবহনের বাস বন্ধ না করতে পারাই সবচেয়ে বড় ব্যর্থতা।
সুষ্ঠু গণপরিবহন ব্যবস্থার স্বপ্ন নিয়ে ২০২১ সালের ২৬ ডিসেম্বর যাত্রা শুরু করে ঢাকা নগর পরিবহন। ঘাটারচর থেকে কাচপুর, ডেমরা স্টাফ কোয়াটার ও কদমতলী পর্যন্ত ৩ রুটে এই সেবা চালু হয়েছে।
বছিলায় নগর পরিবহনের যাত্রী ছাউনিতে গিয়ে দেখা যায়। ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট কেটে বাসে উঠছেন যাত্রীরা। তাদের অভিযোগ, কাউন্টারে বাস আসতে দেরি হয়। যাত্রী ছাউনিতে নেই বাতি, ফলে সন্ধ্যার পর টিকিট পাওয়া যায় না।
পাইলট প্রকল্প হিসেবে গ্রিন ক্লাস্টারের বাসগুলো মনিটরিংয়ের কথা জানাচ্ছে ডিটিসিএ।
ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক সাবিহা পারভীন বলেন, অনিয়ম বা অভিযোগ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তবে চলমান ৩ রুটে বাস বাড়ানোর পরিকল্পনা নেই।
তিনি বলেন, রুট পারমিট যাচাইসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ডিটিসিএ।
বুয়েটের এআরআই বিভাগের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, অন্য কোম্পানির বাস চলাচল করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না নগর পরিবহন।
সেবার মান উন্নয়নের পাশাপাশি বাসের সংখ্যা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।