রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় সবশেষ মারা গেলেন হোসনে আরা বেগম। এ নিয়ে এ দুর্ঘটনায় একে একে পাঁচজনই মারা গেলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, হোসনে আরার শরীরে ২৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।
এরআগে শনিবার (৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থানের সংলগ্ন দ্বীতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।
এতে দগ্ধরা হন, জোছনা বেগম, তার স্বামী গার্মেন্টস কর্মী মঞ্জুরুল, মেয়ে মরিয়ম, বোন হোসনে আরা এবং আরেক বোনের মেয়ে সাদিয়া।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে মারা যায় মঞ্জুরুলের মেয়ে শিশু মরিয়ম। মঙ্গলবার ভোরে মারা যান স্ত্রী জোছনা বেগম ও দুপুরে ভাগনি সাদিয়া। বুধবার সকালে মারা যান মঞ্জুরুল।
ঘটনার দিন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া মো. নিজাম শেখ জানান, ভোরে তারা যখন ঘুমিয়ে ছিলেন তখন বিকট একটি শব্দ শুনতে পান। এরপর ভবনের নিচ তলা থেকে ধোঁয়া উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে নিচ তলায় গিয়ে দেখেন বাসাটির ভিতর পাঁচজন দগ্ধ অবস্থায় কাতরাচ্ছে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
স্বজনদের ধারণা, ভোরে রান্নার জন্য উঠে আগুন জালানোর পর লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়েছেন।