রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
জানুয়ারির শুরু থেকেই পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কখনো মৃদু, কখনো মাঝারি। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা অবস্থান করছে ছয়ের ঘরে। কুয়াশা কিছুটা কমলেও ঠাণ্ডা বাতাস থাকায় শীতের তীব্রতা কমেনি। শনিবার (২১ জানুয়ারি) পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালেই সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ নেই পঞ্চগড়ে। টানা মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহে উত্তরের এই জনপদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে দুর্ভোগ বেড়েছে জেলার নিম্ন আয়ের মানুষের। তেমন কাজ না থাকায় এই সময়ে দৈনিক আয় নির্ভর মানুষের অনেকেই বেকার হয়ে পড়েছেন। নদীর বরফ গলা পানিতে পাথর ও বালি তোলা শ্রমিকদের একটা বড় অংশ বেকার হয়ে পড়েছে। জীবিকার তাগিদে কেউ কেউ কনকনে ঠাণ্ডার মধ্যেই বালি পাথর তুলছেন। এ ছাড়াও ভোরে রিকশা-ভ্যান নিয়ে বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। কৃষি শ্রমিকরাও কষ্ট করে কাজ করছেন।