রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া বাণীতে এ আহ্বান জানান।
দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে।
আবদুল হামিদ বলেন, সরস্বতী পূজা বাঙালির একটি অনন্য উৎসব। সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে এ উৎসব ছড়িয়ে পড়ে বাংলার ঘরে ঘরে। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।
‘আমি আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার পরিক্রমায় একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব’ রাষ্ট্রপতি যোগ করেন। তিনি বলেন, জ্ঞানের আলোকে উদ্ভাসিত হোক আমাদের দেশ, জাতি ও সমাজের প্রতিটি নাগরিক।