রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
দীর্ঘ পাঁচ বছর পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে রাজশাহী মহানগরীজুড়ে বইছে সাজ সাজ রব। আনন্দে উদ্বেলিত আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রত্যাশা, সরকারপ্রধান রাজশাহীবাসীর জন্য নতুন কোনো প্রকল্পের ঘোষণা দেবেন।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চান আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমনকে ঘিরে উল্লসিত দলীয় নেতাকর্মীরা। সব পর্যায়ের নেতাকর্মীর মধ্যেই চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে।
সকালে প্রধানমন্ত্রী রাজশাহী জেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন। এখানে প্রধানমন্ত্রী রাজশাহীর ৩২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত করা হয়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। নৌকার আদলে বানানো হয়েছে মঞ্চ। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম বলেন, রাজশাহী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও প্রতিটি পয়েন্টেই নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি রয়েছে।
মাদ্রাসা মাঠ দেখা গেছে, মাঠের উত্তর পাশে প্রধান প্রবেশপথে বাঁশ দিয়ে এমনভাবে গেট তৈরি করা হয়েছে, যেন সুশৃঙ্খলভাবে মানুষ ভেতরে ঢুকতে পারেন। মাঠের মধ্যে একাধিক বাঁশের বেড়া দিয়ে মাঠকে কয়েক ভাগে ভাগ করে ফেলা হয়েছে। এ ছাড়া মাঠে বেশিসংখ্যক মানুষের স্থান সংকুলানের জন্য মাঠের দক্ষিণ পাশের দেয়ালটি অপসারণ করা হয়েছে। এতে দক্ষিণ পাশের রাস্তাটি এখন মাঠের সঙ্গে সংযুক্ত।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাদ্রাসা ও ঈদগাহ মাঠে সমাবেশ হবে। শহরে ২২০টি মাইক ও ১২টি এলইডি স্ক্রিন থাকবে। এ ছাড়াও সমাবেশের জন্য ৫ শতাধিক ভলান্টিয়ার রাখা হয়েছে। পর্যাপ্ত পানি ও পায়খানার ব্যবস্থা থাকবে। তিনি বলেন, সকাল ৯টায় মাঠে নেতাকর্মীরা আসবেন। জনসভায় রাজশাহীসহ সব জেলার লোকজন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নতুন চেহারায় সেজেছে রাজশাহী শহর। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পুরো রাজশাহী শহরের প্রতিটি বড় রাস্তায় তৈরি করা হয়েছে বিপুলসংখ্যক তোরণ। ব্যানার ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নগরী।