রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই শিক্ষার্থীদের অন্যতম চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। কিন্তু সেই ভর্তি পরীক্ষায় এখনো বিশৃঙ্খলা রয়ে গেছে। দেশে গুচ্ছ ভর্তি চালু হলেও তা এখনো পুরোপুরিভাবে সফলতা পায়নি। গুচ্ছ ভর্তিতে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা দেওয়ার পরও ভর্তির জন্য দৌড়াতে হয় এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে। বড় পাঁচ বিশ্ববিদ্যালয় এখনো আলাদা ভর্তি পরীক্ষা নিচ্ছে। এ ছাড়া মেডিকেল, ডেন্টালসহ আরও কিছু প্রতিষ্ঠানে ভর্তির জন্য শিক্ষার্থীদের পৃথক পরীক্ষায় বসতে হচ্ছে। ফলে ভোগান্তি কমছে না।
সাধারণ ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের নাম দেওয়া হয়েছে জিএসটি (জেনারেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি)। প্রকৌশল গুচ্ছে তিনটি বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছের আটটি বিশ্ববিদ্যালয়ও আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। ১৯৭৩ সালের অধ্যাদেশে পরিচালিত চার বিশ্ববিদ্যালয় (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর) গুচ্ছ ভর্তিতে আসেনি। এ তালিকায় আছে বিশেষায়িত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।