রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
তুরস্ক ও সিরিয়ায় সংগঠিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্য তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬১৭ জনে। আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫৭৫ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় বাড়ছে সহিংসতা ও অপরাধপ্রবণতা।
তুরস্কে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে জানান, এখন পর্যন্ত ভূমিকম্পে নিহত হয়েছেন ২৪ হাজার ৬১৭ জন। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় নিহত হয়েছেন ৩ হাজার ৫৭৫ জন। এ নিয়ে দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২৪৬ জন।
এদিকে তুরস্কের দুর্যোগকবলিত এলাকায় লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ভিন্ন ভিন্ন আটটি প্রদেশ থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নগদ অর্থ, গহনা এবং ব্যাংক কার্ডসহ বেশ কয়েকটি বন্দুক জব্দ করা হয়েছে।
সহকর্মীকে খুঁজছেন ২৬ বছর বয়সী এক ব্যক্তি রয়টার্সকে বলেছেন, কিছু লোক দোকান, গাড়ির জানালা ভেঙে লুটপাট চালিয়েছে।
তুরস্কে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় জার্মান উদ্ধারকর্মী এবং অস্ট্রিয়ার সেনাসদস্যরা তাদের তৎপরতা বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তারা আবার কাজ শুরু করবে বলে জানিয়েছে।