রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
অজ্ঞান পার্টির নতুন টার্গেট রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকরা। সখ্যতা গড়ে খাবারের সঙ্গে নেশা দ্রব্য খাইয়ে অজ্ঞান করার পর মোটরসাইকেল নিয়ে সটকে পড়ে তারা। গত ৩ মাসেই অর্ধ শতাধিক মোটরসাইকেল চুরি করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। এদের খপ্পরে পড়ে মারাও যাচ্ছে কেউ কেউ। সম্প্রতি ২ জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রধান ইলেকট্রিশিয়ান গিয়াসউদ্দীন আহমেদ। গত বছরের ২৮ নভেম্বর উত্তরার একটি হাসপাতালে তাকে অচেতন অবস্থায় পায় পরিবার। পরে জানা যায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খোয়া গেছে মোটর সাইকেলটিও। নয় দিন পর হাসপাতালেই মারা যান তিনি।
আনসার সদস্য সোহেল রানা মাঝে মধ্যে ভাড়ায় মোটরসাইকেল চালান। গত বছরের সেপ্টেম্বরে তিনিও পড়েন অজ্ঞান পার্টির খপ্পরে। চুরি যায় তার মোটরসাইকেল। এভাবে মোটর সাইকেল হারিয়েছেন আরো অনেকে।
ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের উপ কমিশনার মশিউর রহমান জানান, এমন অভিযোগের পর, অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় চোরাই ৯টি মোটর সাইকেল। তাদের প্রধান টার্গেট ভাড়ায় চালিত বাইকার।
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, চক্রটি গত ৩ মাসে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরি করেছে। পুলিশ বলছে, চালকদের সরলতা এবং অ্যাপে না চালিয়ে মৌখিক চুক্তিতে চালানোয় ঘটছে এমন ঘটনা।
অজ্ঞান পার্টির খপ্পর থেকে বাঁচতে অপরিচিত কারো দেয়া কিছু না খাওয়াসহ সতর্ক থাকার পরামর্শ পুলিশের।