শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে মো. ইউসুফ নামে এক চালককে হত্যা করে, অটোরিকশা নিয়ে পালানোর সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে ফতুল্লার চর কাশিপুর এলাকায় লোমহর্ষকর এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক মো. ইউসুফ নোয়াখালীর কালকিনি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ও পশ্চিম দেওভোগ সুমনের গ্যারেজের অটোরিকশা চালক। গ্রেপ্তারকৃতরা হলেন মাহবুব, কাউছার ও আমিন। তারা একই গ্যারেজের অটোরিকশা চালক বলে জানায় পুলিশ।
এবিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে চর কাশিপুর এলাকার একই গ্যারেজের আরও তিন সহকর্মী মাহবুব, কাউছার ও আমিন ওই চালককে হত্যা করে অটোরিক্সা নিয়ে পালাচ্ছিল।
এসময় তাদের সন্দেহ হলে পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের দেওয়া তথ্যমতে চর কাশিপুর সড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
নিহতের গলায় রড দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।