শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
বেলা সাড়ে ১১ টা। সকাল থেকেই টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নং বুথে ব্যাপক জটলা।
এ বুথে ভোটার সংখ্যা ৩৩৯ জন। বেলা সাড়ে ১১টায় এ বুথে ভোট পড়েছে ৬৯টি। এ সময় তথ্য নেয়ার জন্য কয়েকজন সংবাদকর্মী কক্ষে প্রবেশ করার সাথে সাথে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অফিসার মো.আনিসুর রহমান তাদের কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। সংবাদকর্মীরা এর কারণ জানতে চাইলে তিনি বলেন, সমস্যা আছে বের হয়ে যান। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৪৩ জন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনের তথ্য সংগ্রহ করতে সংবাদ কর্মীরা যেকোন সময় ভোট কক্ষে প্রবেশ করতে পারবে। প্রিজাইডিং অফিসার এমনটা করতে পারেনা। আমি বিষয়টি দেখছি।
উল্লেখ্য টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা এবং ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন ও নাগরপুর ইউনিয়নের ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে এলেঙ্গা পৌরসভায় মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি কেন্দ্রে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ দিকে নির্বাচন সুষ্ঠু রাখতে বিজিবি, পুলিশ, র্যাবসহ বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এলেঙ্গা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৫৫৪। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭৫৬ জন, মহিলা ভোটার ১৭ হাজার ৭৯৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন। এ পৌরসভায় মোট কেন্দ্র ১৫টি। ভোট কক্ষ রয়েছে ১০৪টি।