শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকে বিশ্ববিদ্যালয়ের নামের উপরে লাগানো হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীর ব্যানার৷ এতে ঢেকে গেছে বিশ্ববিদ্যালয়ের নাম ফলক।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। নাম ফলক ঢেকে তার উপর কোন ব্যানার লাগানো বিশ্ববিদ্যালয়ের প্রতি এক প্রকার অবমাননা বলেও দাবি তাদের।
সরেজমিনে দেখা যায়, শনিবার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিভিন্ন জায়গায় ব্যানার লাগানোর ধারাবাহিকতায় একমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক জুড়ে তিনটি ব্যানার লাগানো হয়েছে। এর মধ্যে প্রধান ফটকের উপরের জায়গা জুড়ে থাকা নাম পুরো ঢেকে যাওয়ায় এটি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক কিনা সেটিই বোঝা যাচ্ছেনা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাৎক্ষণিক কোন উদ্যোগ চোখে পড়েনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা এই ব্যানারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকার বিষয়টিকে সংশ্লিষ্টদের সাধারণ জ্ঞানের অভাব এবং বিবেকবোধের অভাব হিসেবে অ্যাখ্যায়িত দিচ্ছেন। অনেকে আবার বলছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাকি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয় এটিই এখন বুঝা যাচ্ছেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ডিগ্রী অর্জন করার পর অ্যালামনাইয়ে অন্তর্ভুক্ত হয় সবাই। আর সেই অ্যালামনাইয়ের পুনর্মিলনী না কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নাম ঢেকে দেয়াটা স্বাভাবিক বিষয় না। এই দিকটি সবার খেয়াল রাখা উচিত।
অপর এক শিক্ষার্থী বলেন, এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন। আমাদের প্রধান ফটক তেমন সমৃদ্ধ না। আবার সেখানেই ব্যানার ফেস্টুন লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম ঢেকে দেয়াটাও অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার। প্রোগ্রামের প্রচারণা করা স্বাভাবিক। তবে নাম ঢেকে ফেলার বিষয়টিতে বিশ্ববিদ্যালয়কেই এক প্রকার ছোট করা হয়েছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালকে একাধিকবার ফোন দেয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।