শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
চলতি বছরের নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্টিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে। সারাদেশে একযোগে এই বায়োমেট্রিক ভিসা আবেদন নেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৩ এ অংশগ্রহণের জন্য নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে সারাদেশব্যাপী একযোগে শুরু হবে।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা স্ব স্ব এজেন্সির মাধ্যমে এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পরে পাসপোর্টগুলো স্ব স্ব এজেন্সির কাছে জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন।
সৌদি সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের ১ জানুয়ারি থেকে হজ এবং ওমরাহ যাত্রী বাংলাদেশিদের সৌদি ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন (আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) সম্পন্ন করতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। মঙ্গলবার হজের নিবন্ধনের সময় শেষ হয়েছে।