নগরকণ্ঠ ডেস্ক
- সোমবার ২৪ এপ্রিল, ২০২৩ /
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আর বিদায় নিতে যাচ্ছেন টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদ। তাই বর্তমান রাষ্ট্রপতিকে বিদায় এবং নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ করতে প্রস্তুতি চূড়ান্ত করেছে বঙ্গভবন।
সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করাবেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতির সচিব মো. জয়নাল আবেদীন জানান, শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন।
মো. সাহাবুদ্দিন ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়াারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।